প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সফল শুল্ক আলোচনা ও বাণিজ্য চুক্তিকে “ঐতিহাসিক কূটনৈতিক বিজয়” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। আজকের এই সাফল্য জাতির দৃঢ়তা এবং অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনা শেষে যুক্তরাষ্ট্র যে ২০% শুল্ক নির্ধারণ করেছে, তা পূর্বপ্রস্তাবিত ৩৭% থেকে ১৭ পয়েন্ট কম। এই পরিমাণ হ্রাস বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করেছে বলে মনে করেন ইউনূস। তিনি বলেন, “আমাদের দল চমৎকার কৌশলগত দক্ষতা এবং অপরিসীম অঙ্গীকারের পরিচয় দিয়েছে।”ড. ইউনূস জানান, ফেব্রুয়ারি মাস থেকেই বাংলাদেশ এই আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং শুল্ক, অশুল্ক বাধা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল ইস্যু সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে।এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সুবিধা রক্ষা পেয়েছে, যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার আরও সহজ হয়েছে এবং দেশের মৌলিক জাতীয় স্বার্থ সুরক্ষিত হয়েছে। এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির দ্বার উন্মোচন করেছে।চুক্তির সাফল্যের জন্য ড. ইউনূস বাংলাদেশি আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং এটিকে জাতির কৌশলগত সাফল্যের একটি উজ্জ্বল উদাহরণ বলে আখ্যায়িত করেছেন।
সূত্র : ঢাকা ট্রিবিউন
