Falcon Feed

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, পাঁচজন গ্রেপ্তার

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, পাঁচজন গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার একটি সড়কের পাশে লিচু বাগানে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।ভুক্তভোগী নারী (২৪) উপজেলার একটি হোটেলে রান্নার কাজ করেন। প্রতিদিনের মতো রাত ১০টা ৩০ মিনিটে স্বামীর সঙ্গে ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছয়-সাতজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে, ভ্যানচালক ও স্বামীকে মারধর করে এবং স্বামীকে বেঁধে ফেলে। পরে নারীকে সড়কের পাশে একটি লিচুবাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়।পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাঁচজন হলেন: মসলেমপুরের কালু প্রামাণিক (৪৬), ষোলদাগের মুর্শিদ শেখ (৪৫), টিপু মণ্ডল ওরফে টিটু (৪২), এজাজুল (৪২) এবং রুবেল আলী (২৪)।ঘটনার পরপরই পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। রবিবার দুপুরে ধর্ষণের শিকার নারীর স্বামী থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার পাঁচজনকেই আসামি করা হয়েছে।কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, “তিনজন ধর্ষণে সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে। নারীটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলা হয়েছে এবং গ্রেপ্তার আসামিদের আদালতে নেওয়া হচ্ছে। যারা এখনো পলাতক, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”এই ঘটনাটি দেশের নারী নির্যাতনের চিত্র ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। একই সঙ্গে ধর্ষকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালো হয়েছে।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles