রাজধানীর বংশালে মাদক নিয়ে বিরোধের জেরে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাত্র দুই পিস ইয়াবা বাকিতে না পাওয়ায় হীরা নামের এক মাদক বিক্রেতাকে ছুরিকাঘাতে খুন করেন জীবন মিয়া নামের এক ব্যক্তি। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জের কালাতিয়া বাজার এলাকা থেকে ঘাতক জীবন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিটিও উদ্ধার করা হয়েছে।বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে বংশালের মালিটোলার ৪৮নং গোলক পাল লেনে জীবন মিয়া হীরার কাছে বাকিতে ইয়াবা চাইলে হীরা তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জীবন মিয়া সঙ্গে থাকা ছুরি দিয়ে হীরার বাম গাল, বুক ও পেটে উপর্যুপরি আঘাত করে। মারাত্মক রক্তক্ষরণে ঘটনাস্থলেই হীরার মৃত্যু হয়।হত্যার পর জীবন মিয়া পালিয়ে যান। পরে নিহতের পরিবার বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনারের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় জীবন মিয়াকে শনাক্ত ও গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে হত্যার দায় স্বীকার করে এবং তার দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।জীবন মিয়াকে আদালতে হাজির করা হলে, তিনি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।এ ঘটনায় এলাকায় মাদক নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, রাজধানীর পুরান ঢাকার কিছু এলাকায় মাদক ব্যবসা ও সেবন দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে চলছিল, কিন্তু তা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এই হত্যাকাণ্ডে প্রশাসনের প্রতি আরও কঠোর ও নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানোর দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
সূত্র : আমার দেশ
