বলিউডের কিং খান শাহরুখ খানের পুত্র আরিয়ান খান অবশেষে আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত “দ্য ব্যাডস অব বলিউড”-এর প্রিভিউ লঞ্চ অনুষ্ঠানে প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দেন তিনি। মঞ্চে উঠে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বেশ নার্ভাস ছিলেন আরিয়ান। তাই আগেভাগেই দর্শকদের কাছে ভুল হলে ক্ষমা চেয়ে নেন তিনি।আরিয়ান বলেন, তিনি কয়েকদিন ধরে নিজের বক্তব্য অনুশীলন করেছেন, এমনকি ভয় থেকে হাতে লিখেও নিয়ে এসেছেন। এমনকি বিদ্যুৎ চলে গেলে যাতে সমস্যায় না পড়েন, সেজন্য পকেটে টর্চ পর্যন্ত রেখেছেন। তিনি যোগ করেন, “যদি কিছু ভুল করি, তো পাপা আছেন। তবে যদি সত্যিই ভুল হয়, দয়া করে ক্ষমা করবেন। এটা আমার প্রথমবার।”মঞ্চের পাশে দাঁড়িয়ে ছিলেন শাহরুখ খান নিজেও। ছেলের অভিষেক উপলক্ষে আবেগাপ্লুত কিং খান বলেন, “গত ৩০ বছর ধরে আমি আপনাদের বিনোদন দিতে পেরেছি, এজন্য আমি কৃতজ্ঞ। আজকের দিনটা বিশেষ কারণ আমার ছেলে নিজের পথচলা শুরু করছে। ও খুব পরিশ্রম করেছে। যদি ওর কাজ আপনাদের ভালো লাগে, করতালির সঙ্গে আশীর্বাদও করবেন।”প্রায় চার বছর ধরে নির্মিত “দ্য ব্যাডস অব বলিউড” সিরিজটি আরিয়ানের পরিচালনায় প্রথম কাজ। এতে বলিউড ইন্ডাস্ট্রির উত্থান-পতনের গল্প উঠে আসবে। স্টারডম, রোমান্স, অ্যাকশন, পাপারাজ্জি কালচার থেকে শুরু করে বক্স অফিসের উত্তেজনা—সবই দেখা যাবে সিরিজটিতে।সিরিজের তারকা কাস্টে রয়েছেন সাহের বাম্বা, ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, আনিয়া সিং, বিজয়ন্ত কোহলি ও গৌতমী কাপুর। বিশেষ উপস্থিতিতে থাকবেন সালমান খান ও করণ জোহর।আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিরিজ “দ্য ব্যাডস অব বলিউড”। দর্শকদের কাছে এটি শাহরুখ-পুত্র আরিয়ান খানের নতুন যাত্রার সূচনা।
সূত্র : ঢাকা ট্রিবিউন
