বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৃহস্পতিবার সকালে চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাত্রা করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সফরে সেনাপ্রধান চীনের জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করবেন।চীন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগী। সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তায় দুই দেশের মধ্যে সহযোগিতা বিদ্যমান। এ সফরের মাধ্যমে প্রতিরক্ষা খাতে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।আইএসপিআর জানায়, জেনারেল ওয়াকার-উজ-জামানের এই সফর বাংলাদেশ সেনাবাহিনী ও চীনা সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান আস্থা ও বন্ধুত্বের সম্পর্ককে আরও গভীর করবে। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা কৌশল এবং পারস্পরিক প্রশিক্ষণ কার্যক্রমে দুই দেশ ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করতে পারবে।এ সফরে জেনারেল ওয়াকার বিভিন্ন প্রতিরক্ষা স্থাপনা পরিদর্শন এবং সামরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া এ সফরকে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও দেখা হচ্ছে।সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান আগামী বুধবার দেশে ফেরার কথা রয়েছে। তার এ সফর বাংলাদেশ সেনাবাহিনী এবং চীনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
