রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শাহ আলম কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনার ২১ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নেভানো যায়নি। পোশাক ও কসমিক কেমিক্যাল কারখানার আগুন এখনো ধিকিধিকি জ্বলছে, এবং ভবন থেকে ক্রমাগত ধোঁয়া বের হচ্ছে। বাতাসে ছড়িয়ে পড়েছে কেমিক্যালের তীব্র ও বিষাক্ত গন্ধ, যা আশপাশের মানুষের শ্বাসকষ্ট ও বমি বমি ভাবের মতো উপসর্গ সৃষ্টি করছে।ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট টানা প্রচেষ্টার পর আগুনের মূল অংশ নিয়ন্ত্রণে আনলেও, ভবনের ভেতরে থাকা কেমিক্যালের কারণে মাঝে মাঝে আগুন পুনরায় জ্বলে উঠছে। ফলে ফায়ার সার্ভিস সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পানি ছিটিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলও কাজ করছে আগুন সম্পূর্ণ নেভাতে এবং বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণে রাখতে।অগ্নিকাণ্ডে আশপাশের ভবন ও কারখানাগুলো ঝুঁকিপূর্ণ বিবেচনায় বন্ধ রাখা হয়েছে। বুধবার সকালে ছড়িয়ে পড়া কেমিক্যালের ধোঁয়ায় পাশের রাইজিং গ্রুপসহ একাধিক কারখানার প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো শনাক্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন পোশাকশ্রমিক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।এই অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটির কারণ নিয়ে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস, পুলিশ ও শ্রম মন্ত্রণালয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কেমিক্যাল সংরক্ষণে অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার কারণেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
সূত্র : যমুনা টিভি
