দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য আসাদ খোকনকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে দলীয় নেতৃত্ব। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে তিন কার্যদিবস সময় দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, আসাদ খোকনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের কারণে আসাদ খোকনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি বিষয়টি তদন্ত করছে।”উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস পুকুর লিজ নিয়ে বিরোধের জেরে এনসিপি নেতা আসাদ খোকনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমিদস্যুতা ও জবরদখলের অভিযোগ ওঠে। স্থানীয় এলাকাবাসী তখন বিক্ষোভ ও মানববন্ধন করে তার বিচার দাবি করেন।ঘটনার পর থেকেই এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। দলীয় সূত্রে জানা গেছে, তদন্তের প্রাথমিক পর্যায়ে তার বিরুদ্ধে আনা অভিযোগে কিছু সত্যতা মেলে। ফলে দলীয় ভাবমূর্তি রক্ষায় তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি।দলটি জানিয়েছে, ব্যাখ্যা সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র : আমার দেশ
