কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়ন দাবিকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীরা প্রার্থী হিসাবে এটিএম মিজানুর রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। তাদের এই হঠাৎ কর্মসূচির ফলে মহাসড়কে দীর্ঘ ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। সাধারণ যাত্রী থেকে দূরপাল্লার পরিবহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
নেতাকর্মীদের দাবি, এটিএম মিজানুর রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে নিবেদিত ভূমিকা রেখে আসছেন। দুইবার উপজেলা চেয়ারম্যান ও সাতবার উপজেলা বিএনপির সভাপতি থাকা সত্ত্বেও “সরকারি নিপীড়ন ও মামলা-হামলার কারণে তিনি কখনো পূর্ণরূপে দায়িত্ব পালন করতে পারেননি”—এমন মন্তব্য করেন স্থানীয় নেতারা। তাদের মতে, তৃণমূল সংগঠন ও জনসমর্থনের বিচারে এই আসনের জন্য তিনিই “সবচেয়ে যোগ্য প্রার্থী”।
বুড়িচং উপজেলা মহিলা দলের নেত্রী কুলসুম আক্তার জানান, নারীনেত্রীরা এটিএম মিজানুর রহমানকে ধানের শীষ প্রতীক দেওয়ার দাবি জানাতে মাঠে নেমেছেন। মনোনয়নে তার নাম না থাকলে তারা রাজপথে কঠোর অবস্থান নেবেন বলে হুঁশিয়ারি দেন। ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও একই দাবি তোলেন—বর্তমান মনোনীত প্রার্থী “জনগণের কাছে গ্রহণযোগ্য নন” এবং বিএনপিকে বিজয়ী করতে হলে এটিএম মিজানুর রহমানকে মনোনয়ন দেওয়া ছাড়া বিকল্প নেই।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাদল জানান, গত ১৭ বছর ধরে তৃণমূলের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন এটিএম মিজান। তারা আশা করছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত মনোনয়নে তাকে ধানের শীষ প্রতীক দেবেন। ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বলেন, ৩ তারিখে ঘোষিত মনোনয়ন ‘তৃণমূল মানেনি, মানবে না।’ তারা স্পষ্টভাবে জানান, “এই আসনে মনোনয়ন দিতে হবে এটিএম মিজানুর রহমানকেই।”
এ ঘটনায় এলাকাজুড়ে রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে। নেতাকর্মীরা দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন। মহাসড়কে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকায় স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
সূত্র : আমার দেশ
