হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। অবতরণের সময় একটি মালবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যায়, এতে বিমানবন্দরের দুই কর্মী প্রাণ হারিয়েছেন। সোমবার (২০ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে ঘটে।দুবাই থেকে আসা এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮—বোয়িং ৭৪৭-৪৮১ মডেলের এই কার্গো বিমানটি তুরস্কভিত্তিক সংস্থা এয়ার এ সি টির মালিকানাধীন ছিল। হংকংয়ে অবতরণের সময় বিমানটি উত্তর দিকের রানওয়েতে থাকা একটি গ্রাউন্ড সার্ভিস যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর বিমানটি রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যায়। এতে ওই যানবাহনে থাকা দুই কর্মী সাগরে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।বিমানটিতে থাকা চারজন ক্রু সদস্য বেঁচে গেছেন। তারা দুর্ঘটনার পরপরই দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসেন। এরপর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপদে উদ্ধার করেন।হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল এবং রানওয়ে সচল অবস্থায় ছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিমানটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামান্য ডান দিকে মোড় নেয় এবং তখনই যানবাহনের সঙ্গে সংঘর্ষ ঘটে। কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে, যা দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে কাজ শুরু করেছে।দুর্ঘটনার পরও বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট চলাচলে বড় কোনো প্রভাব পড়েনি। তবে কিছু সময়ের জন্য ওই রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হংকং প্রশাসন নিহত দুই কর্মীর পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং তাদের সহায়তার আশ্বাস দিয়েছে।এই দুর্ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোতে হংকং বিমানবন্দরে ঘটে যাওয়া সবচেয়ে বড় এয়ারক্রাফট ইনসিডেন্টগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র : আমার দেশ
