অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩৮৫ জন। শনিবার (১৬ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১,৮৯৭ জনে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে আটজন ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জন মারা গেছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জনে, এর মধ্যে ১০৮ জনই শিশু।প্রতিবেদনে বলা হয়, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে হামলা শুরু করে। তারপর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ১০,৩৬২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৩,৬১৯ জন।অন্যদিকে, ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা সংগ্রহে যাওয়া সাধারণ ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় ২৬ জন নিহত ও ১৭৫ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ১,৯২৪ জন এবং আহত হয়েছেন ১৪,২৮৮ জন।এমন ভয়াবহ পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে ইসরায়েলকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।গাজার মানবিক সংকট দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে। হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন, খাদ্য ও চিকিৎসা সংকট তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গাজার সাধারণ মানুষের দুর্দশা আরও গভীর হচ্ছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
