সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি দলের তারকা ফরোয়ার্ড নেইমারের। এছাড়া নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডে নেই ভিনিসিয়াস জুনিয়রও।নেইমার সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে, যেখানে তিনি বাঁ হাঁটুর গুরুতর চোটে পড়েন। এরপর বারবার ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে তাকে। সাম্প্রতিক সময়ে সান্তোসের অনুশীলনে ঊরুতে নতুন চোট পাওয়ায় এবারও তিনি বাদ পড়লেন। আনচেলত্তি জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ফিট খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে, নেইমারকে নয়।এদিকে, চিলির বিপক্ষে নিষিদ্ধ হওয়ায় দলে রাখা হয়নি ভিনিসিয়াসকে। রদ্রিগোকেও এবার স্কোয়াডে দেখা যায়নি। তবে সুখবর পেয়েছেন মিডফিল্ডার লুকাস পাকেতা। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ তুলে নেওয়ার পর এবার প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেলেন তিনি।আনচেলত্তির অধীনে এটি তার দ্বিতীয় স্কোয়াড ঘোষণা। উল্লেখ্য, ব্রাজিল এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তারা আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে।দলে রয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন, ডিফেন্ডার মারকিনিওস, মিডফিল্ডার কাসেমিরো ও ফরোয়ার্ড রিচার্লিসনের মতো তারকারা। নতুন মুখ হিসেবে এসেছেন এস্তেভাও ও কাইও হোর্হে।এই স্কোয়াডে নেইমার ও ভিনিসিয়াসের অনুপস্থিতি ভক্তদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। তবে কোচের আস্থা তরুণ ও ফিট খেলোয়াড়দের ওপর। বিশ্বকাপের প্রস্তুতিতে ব্রাজিল এবার নতুন সমন্বয় ও শক্তির ওপর নির্ভর করতে চাচ্ছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
