Falcon Feed

মেসিদের কাঁদিয়ে লিগস কাপ জিতলো সিয়াটল সাউন্ডার্স

মেসিদের কাঁদিয়ে লিগস কাপ জিতলো সিয়াটল সাউন্ডার্স

লিওনেল মেসি নেতৃত্বাধীন ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে লিগস কাপের শিরোপা জিতেছে সিয়াটল সাউন্ডার্স। বল দখলে এগিয়ে থাকলেও গোলমুখে কার্যকারিতা দেখাতে ব্যর্থ হয় মায়ামি। অন্যদিকে সিয়াটল সুযোগগুলো কাজে লাগিয়ে লুমেন ফিল্ডে রেকর্ড দর্শকের সামনে ইতিহাস গড়ে।ম্যাচের ২৬ মিনিটে ওসাজে ডি রোজারিওর গোলে এগিয়ে যায় সিয়াটল। এরপর মায়ামি একাধিকবার আক্রমণ চালালেও শক্তিশালী রক্ষণভাগের সামনে বিশেষ করে ওবেড ভার্গাসের দৃঢ়তায় মেসিদের প্রথমার্ধ কাটে হতাশায়। দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে অ্যালেক্স রোলডান ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের ৮৯ মিনিটে পল রোথরকের গোল নিশ্চিত করে সিয়াটলের বড় জয়।শেষ বাঁশির পর ইন্টার মায়ামির খেলোয়াড়রা প্রবল হতাশায় ভেঙে পড়েন। মাঠে উত্তেজনা তৈরি হলে রেফারি ও ম্যাচ কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করে সম্ভাব্য সংঘর্ষ এড়ান।দুই দলের বিনিয়োগের তুলনা অনেক বড় বৈপরীত্য তুলে ধরে। ইন্টার মায়ামি খেলোয়াড়দের বেতন-ভাতা বাবদ খরচ করেছে ৪৬.৮ মিলিয়ন ডলার, যেখানে সিয়াটলের বিনিয়োগ মাত্র ১৬.৭ মিলিয়ন ডলার। কম বাজেট নিয়েও সিয়াটল তাদের শৃঙ্খলিত খেলা ও কার্যকর কৌশলে শক্তিশালী মায়ামিকে পরাজিত করে।এই শিরোপা সিয়াটলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তারা প্রথম এমএলএস দল হিসেবে উত্তর আমেরিকার প্রতিটি বড় ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করেছে। সাউন্ডার্সদের ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে দুটি এমএলএস কাপ, একটি এমএলএস সাপোর্টারস শিল্ড, চারটি ইউএস ওপেন কাপ ও একটি কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপ। লিগস কাপ জিতে সেই তালিকায় নতুন মাত্রা যোগ করল তারা।৬৯ হাজার ৩১৪ দর্শকের উপস্থিতি ম্যাচটিকে লিগস কাপ ইতিহাসে সর্বাধিক দর্শকসংখ্যার ম্যাচে পরিণত করেছে। এর আগে রেকর্ড ছিল ৫০ হাজার ৬৭৫ জন। সিয়াটলের এই সাফল্য প্রমাণ করে দিয়েছে যে বাজেটের বাইরে দলীয় সংহতি, কৌশল ও মানসিক দৃঢ়তাই শেষ পর্যন্ত বিজয়ের চাবিকাঠি।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles