Falcon Feed

জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় ড্রামার শেখরজ্যোতি গোস্বামী গ্রেফতার

জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় ড্রামার শেখরজ্যোতি গোস্বামী গ্রেফতার

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে এই শিল্পীর মৃত্যু ঘিরে প্রশ্ন উঠার পর এবার গ্রেফতার করা হয়েছে তার সহকর্মী ও দলের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। বৃহস্পতিবার আসামের গরিগাঁও এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, শেখরজ্যোতির আমন্ত্রণেই জুবিন ডাইভিংয়ে অংশ নেন। কিন্তু পানিতে নামার পর আর তীরে ফিরে আসেননি তিনি। এই তথ্য সামনে আসার পর তদন্তকারী দল মনে করছে, ঘটনার পেছনে অবহেলা বা ষড়যন্ত্র থাকতে পারে।এদিকে, গায়কের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই উত্তাল আসামসহ উত্তর-পূর্বাঞ্চল। জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্তের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। গুয়াহাটির দাতলপাড়ায় ম্যানেজারের বাড়ির সামনে ভক্ত ও স্থানীয়রা বিক্ষোভ করেন। তারা দাবি করেন, এই মৃত্যুতে সরাসরি দায়ী দলের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী। তাদের অবহেলা বা ষড়যন্ত্রের কারণেই প্রাণ দিতে হয়েছে শিল্পীকে।জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় মানুষের আবেগ আরও তীব্র হয়েছে, কারণ তিনি শুধু আসামের নয়, গোটা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাংস্কৃতিক প্রতীক হিসেবে বিবেচিত হতেন। তার গান ও শিল্পজীবন কোটি ভক্তকে মুগ্ধ করেছে। হঠাৎ এভাবে মৃত্যু অনেকের কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে।এ ঘটনার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা দেন, ঘটনাটি বিশেষ তদন্তকারী দল (SIT) খতিয়ে দেখবে এবং ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়া হবে। প্রয়োজনে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকেও যুক্ত করা হবে।বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা মনে হলেও তদন্তে নতুন তথ্য উঠে আসতে পারে। ড্রামার শেখরজ্যোতির গ্রেফতার সেই সন্দেহকেই আরও জোরালো করছে।ভক্ত-অনুরাগীরা এখন দাবি করছেন, দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনতে হবে। অন্যথায় উত্তর-পূর্ব ভারতের এই মহান শিল্পীর মৃত্যু রহস্য হয়েই থেকে যাবে।

সূত্র : যমুনা টিভি

Related Articles