আজ শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে ৪৯তম বিসিএস (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পরীক্ষাটি শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।৪৯তম বিসিএস (বিশেষ) ২০২৫ শিক্ষা ক্যাডারের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে। এ বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে মোট ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে। পিএসসি জানায়, এই ৬৮৩টি পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩ লাখ ১২ হাজার প্রার্থী। অর্থাৎ, প্রতি পদের বিপরীতে গড়ে ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা প্রতিযোগিতার তীব্রতা নির্দেশ করে।পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কেউ হলে ঢুকতে পারবেন না। প্রশ্নপত্র বিতরণের পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত (দুপুর ১২টা) কেউ কক্ষ ত্যাগ করতে পারবেন না।নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পিএসসি কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড সদৃশ কোনো উপকরণ, গয়না বা ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া পরীক্ষার্থীদের কানে কোনো আবরণ রাখা যাবে না এবং হিয়ারিং এইড ব্যবহার করতে চাইলে ডাক্তারের পরামর্শপত্রসহ পিএসসির অনুমোদন নিতে হবে।দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধীরা পিএসসির অনুমোদিত শ্রুতলেখকের সহায়তা পাবেন এবং প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় পাবেন। অন্য প্রতিবন্ধীরা প্রতি ঘণ্টায় ৫ মিনিট অতিরিক্ত সময় পাবেন।এমসিকিউ ভিত্তিক এই পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা। পিএসসি জানিয়েছে, কোনো প্রার্থীর হল পরিবর্তনের আবেদন বিবেচনা করা হবে না।পরীক্ষার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সব কেন্দ্রে কড়া নজরদারি থাকবে এবং সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরীক্ষা গ্রহণে প্রশাসন প্রস্তুত রয়েছে।সূত্র : যমুনা টিভি
You can share this post!
