Falcon Feed

বিএনপির ৬ দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি ঘোষণা, খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে মোনাজাত

বিএনপির ৬ দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি ঘোষণা, খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে মোনাজাত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ মোনাজাত এবং আগামী ৭–১৩ ডিসেম্বর ছয় দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা সারাদেশের মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সময়ে নয়াপল্টনে বিএনপি কার্যালয়েও দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে ডিসেম্বর মাসের ৭ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলমান ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য রুহুল কবির রিজভীকে আহ্বায়ক এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে সদস্যসচিব করে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

কর্মসূচির সূচনা হবে ৭ ডিসেম্বর, উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৮ ডিসেম্বর ছাত্রদলের কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ৯ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের যৌথ কর্মসূচির উদ্বোধন করবেন নজরুল ইসলাম খান। ১০ ডিসেম্বর যুবদল ও কৃষক দলের যৌথ উদ্যোগের কর্মসূচি উদ্বোধন করবেন মির্জা আব্বাস। ১১ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন ফখরুল ইসলাম আলমগীর। আর ১৩ ডিসেম্বর সমাপনী আয়োজন উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রতিটি কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রিজভী আহমেদ আশা প্রকাশ করেন, দেশনেত্রীর সুস্থতার জন্য দেশব্যাপী মোনাজাতে নেতাকর্মীদের অংশগ্রহণ বিএনপির ঐক্য ও শক্তির প্রতীক হিসেবে কাজ করবে। পাশাপাশি ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে বলেও তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।

সূত্র : আমার দেশ

Related Articles